টলিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিবাহিত জীবন নিয়ে নানা সময়ে আলোচনার ঝড় উঠেছে। বেশ কয়েকবার বিচ্ছেদের গুঞ্জন উঠলেও নিজের অবস্থান পরিষ্কার করেননি কেউই।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনে ‘স্থায়ী সঙ্গী’র (স্টেবল পার্টনারশিপ) অভাব রয়েছে বলে মন্তব্য করে মিথিলার সঙ্গে সম্পর্কের ইতিটানার ইঙ্গিত দিয়েছেন সৃজিত।
সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি বিশেষ টকশোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সাথে বর্তমান যোগাযোগ এবং ব্যক্তিগত একাকিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন এই নির্মাতা।
সাক্ষাৎকারে জীবনের বর্তমান পর্যায়ে এসে স্থায়ী সঙ্গীর অনুপস্থিতি অনুভব করার কথা স্বীকার করেন তিনি। দীর্ঘ প্রায় ছয় বছরের বিবাহিত জীবনে সৃজিত ও মিথিলাকে গত কয়েক বছর ধরেই বেশ আলাদা থাকতে দেখা গেছে, যা নিয়ে অতীতেও একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।
যদিও এবার সাক্ষাৎকারে মিথিলার নাম সরাসরি উল্লেখ করেননি সৃজিত, তবে ‘স্থায়ী সঙ্গী নেই’—তার এমন মন্তব্য সাবেক ও বর্তমানের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।
সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা জানান সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও কথা বলেন সৃজিত। তিনি জানান, একসময় সুস্মিতা তার খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সম্পর্কের নির্দিষ্ট লেবেল থাকে না। সময়ের সঙ্গে তাদের সেই ঘনিষ্ঠতা কমে গেছে, তবে তারা এখনো একে অপরের শুভাকাঙ্ক্ষী।
সৃজিতের ভাষায়, জীবন একটি যাত্রার মতো, অনেকে কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যায়। সুস্মিতাও নেমে গেছেন, হয়তো অন্য কোনো ট্রেনে উঠেছেন।
এস আই/














Discussion about this post