পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে ইসরায়েল নয়, বরং ইরানই এখন প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা। তার মতে, আরব বিশ্বের অনেক সমাজে ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখা হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন।
বৃহস্পতিবার দুবাই প্রেস ক্লাবে এক মিডিয়া ব্রিফিংয়ে আমিরাতি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, আমরা পুরোপুরি সচেতন যে অনেক আরব সমাজ ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন।
তিনি বলেন, ইরানই উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ কারণে আমরা তাদের বিশ্বাস করি না এবং তাদের প্রধান শত্রু বলে মনে করি। তিনি আরও জানান যে, ইরান সবগুলো উপসাগরীয় দেশে হামলা চালিয়েছে, এমনকি যারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে তাদের ওপরও।
গারগাশ উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আমিরাতের গভীর উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, তেহরান যেমন যুদ্ধের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চয়তা চায়, তেমনি আমিরাতও ভবিষ্যতে এমন হামলা আর না হওয়ার নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ চায়।
তিনি স্পষ্ট করে বলেন, এটি ইরানের ওপর হামলার আহ্বান নয়, বরং আঞ্চলিক ঝুঁকির উৎস স্পষ্ট করা এবং কূটনৈতিক পথ খোলা রাখা। গারগাশ আরও বলেন, ইরানের এই আগ্রাসন উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
সূত্র: গাল্ফ নিউজ, আল খলিজ
এস আই/














Discussion about this post