ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
একই সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ’ বলে উল্লেখ করেন এবং বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য তার কৃতজ্ঞ থাকা উচিত।
ট্রাম্প বলেন, “তিনি একজন অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ। এবং সত্যি বলতে, এই কাজটি করার জন্য তার আমাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।”
সাক্ষাৎকারে ট্রাম্প আরও অভিযোগ করেন, লেবাননের ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলা ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিল।
তিনি দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলাগুলো তেহরানকে চুক্তিতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ট্রাম্পের ভাষায়, “তারা তৃতীয় হামলাটি চায়নি। তারা বেঁচে থাকার বিষয়ে ভাবে।”
এছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “মূল কথা হলো, আমাদের চালানো সেই হামলাগুলো এই চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে একটি বিশাল প্রভাব ফেলেছিল, একটি বিশাল প্রভাব।”
সূত্র: আল-জাজিরা
এম এইচ/














Discussion about this post