সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মো. ফজলুল করিম (৬০) নামের এক শিক্ষক।
বৃহস্পতিবার ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফজলুল করিম উপজেলার ব্রহ্মগাছা হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, তিনি একজন সৎ ও শান্ত স্বভাবের শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমাদের শিক্ষকরা শোকাহত।
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ফজলুল করিম একজন দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন। চাকরির শেষ দিনে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষকে হারালো। তার মৃত্যুতে রায়গঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এম এইচ/














Discussion about this post