বিজ্ঞান কল্পকাহিনির দৃশ্য যেন বাস্তবে দেখাল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এমন একটি বৈদ্যুতিক ক্রীড়া গাড়ির প্রদর্শনী করেছে প্রতিষ্ঠানটি, যা বিশেষ র্যাম্পে উল্টো হয়ে চলতে পারে, আবার শূন্যে লাফিয়ে মাঝআকাশে ঘুরেও নামতে পারে। নতুন এই গাড়ি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
টেসলার নতুন রোডস্টার গাড়িটি তৈরিতে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গাড়িটিতে রকেটের মতো বিশেষ থ্রাস্টার রয়েছে, যা উচ্চচাপের গ্যাসের সাহায্যে গাড়িটিকে মাটি থেকে ওপরে তুলতে এবং মাঝআকাশে বিশেষ কৌশলে ঘুরতে সহায়তা করে।
প্রদর্শনীতে গাড়িটিকে বিশেষ বাঁকানো র্যাম্প বেয়ে ওপরে উঠতে দেখা যায়। একপর্যায়ে সেটি উল্টো অবস্থায় চলার পর র্যাম্প থেকে শূন্যে লাফিয়ে ঘুরে আবার চাকার ওপর অবতরণ করে। প্রচলিত গাড়ির তুলনায় এর এই ব্যতিক্রমী সক্ষমতা দর্শকদের নজর কেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নিতে পারে বলে দাবি করা হয়েছে। তবে প্রদর্শনীতে এমন কৌশল দেখানো হলেও গাড়িটি সাধারণ যানবাহনের মতো দীর্ঘ সময় আকাশে উড়তে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
টেসলা প্রথম রোডস্টারটির নতুন সংস্করণের ঘোষণা দিয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ অপেক্ষা ও নানা বিলম্বের পর এবার গাড়িটির উৎপাদন ২০২৮ সালে শুরু হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। বাস্তবে গাড়িটি কতটা কার্যকর হবে, সাধারণ সড়কে ব্যবহারের অনুমতি পাবে কি না এবং এর নিরাপত্তা কেমন হবে, সেসব প্রশ্নের উত্তর পেতে আরও অপেক্ষা করতে হবে।
এস আই/














Discussion about this post