কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ফেরার পথে বঙ্গোপসাগরের জলসীমায় মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ১২ জন বাংলাদেশি জেলেকে নৌকাসহ অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফের নাইক্ষ্যংদিয়া উপকূলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের মধ্যে পরিচয় পাওয়া গেছে- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)–এর। তবে বাকি একজনের নাম এখনও জানা যায়নি।
নৌকাটির মালিক সোলতান আহমেদ জানান, তার মালিকানাধীন ট্রলারে ১২ জন জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। বৈরী আবহাওয়ার কারণে তারা দ্রুত তীরে ফেরার পথে ছিলেন। ঠিক তখনই হঠাৎ করে সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা তাদের ওপর হামলা চালায় এবং জেলেসহ পুরো নৌকাটি ধরে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের জানান, বিষয়টি স্থানীয়ভাবে শুনেছেন এবং প্রশাসন থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি বঙ্গোপসাগরের এ জলসীমায় বাংলাদেশি জেলেদের ওপর আরাকান আর্মির তৎপরতা বেড়ে গেছে। প্রায়শই তারা মাছ ধরার নৌকা আটকে দেওয়া, জেলে ধরে নিয়ে যাওয়া কিংবা মুক্তিপণ দাবি করার মতো ঘটনা ঘটিয়ে থাকে। এ ঘটনায় টেকনাফের উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এস এইচ/














Discussion about this post