পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় সামরিক বাহিনীর অভিযানে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) এক শীর্ষ কমান্ডারসহ ২৩ জঙ্গি নিহত হয়েছে। নিহত ওই কমান্ডারের নাম জান মীর ওরফে তুর সাকিব।
বৃহস্পতিবার (২১ মে) পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ হিসেবে উল্লেখ করে জানানো হয়, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার দাত্তা খেল ও স্পিনওয়াম উপজেলা এবং বান্নু জেলার বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে এই অভিযান চালানো হয়।
নিহত জান মীর ওরফে তুর সাকিব ছিল টিটিপির অন্যতম রিং লিডার এবং পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের একজন। সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত বেশ কয়েকটি হামলায় সে সরাসরি নেতৃত্ব দিয়েছিল। এমনকি পাকিস্তান সরকার তার মাথার দামও ঘোষণা করেছিল। আইএসপিআর জানিয়েছে, জান মীরের এই মৃত্যু দক্ষিণ ওয়াজিরিস্তানে টিটিপিপন্থিদের জন্য একটি বড় আঘাত।
সেনা অভিযানে জঙ্গিদের বিভিন্ন গোপন ঘাঁটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম এবং প্রস্তুত অবস্থায় থাকা বেশ কয়েকটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। এছাড়া দাত্তা খেল, স্পিনওয়াম এবং বানু জেলার ঘাঁটিগুলোতে জঙ্গিদের তৈরি করা জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কার খুঁজে বের করে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী।
সূত্র: জিও টিভি
এস আই/














Discussion about this post