মালয়েশিয়ায় আগামী ছয় মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের যে দাবিটি বাংলাদেশ সরকার করেছে; সেটি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে মালয়েশিয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়া সরকারের মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল বলেন, ‘বাংলাদেশের এক মন্ত্রীর দেওয়া এই বক্তব্যকে বাংলাদেশ সরকারের সরকারি অবস্থান হিসেবে বিবেচনা করা উচিত নয়।’ মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়ছে।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান তাকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী ওই মন্তব্য করেছেন। তবে এটি বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক ঘোষণা নয়।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, আগামী ছয় মাসে মালয়েশিয়া প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে।
তিনি বলেছিলেন, মালয়েশিয়া সরকারের অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে ধাপে ধাপে কর্মী নিয়োগ শুরু হবে। সেপ্টেম্বরের শেষ দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে ছয় মাসের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের জুনে মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলেন। সে সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানান।
এর আগে ২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগ সীমিত করে মালয়েশিয়া। সে সময় কর্মীদের শোষণ, ঋণের ফাঁদে আটকে পড়া, জোরপূর্বক শ্রম এবং প্রতিশ্রুত চাকরি না পাওয়ার মতো নানা অভিযোগ সামনে আসে।
এদিকে, মালয়েশিয়া বর্তমানে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছে। ২০৩০ সালের মধ্যে দেশটির মোট কর্মশক্তিতে বিদেশি শ্রমিকের হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস
এস আই/













Discussion about this post