রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান পদে কর্মরত ছিলেন।
পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দোলনচাঁপা ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর চলন্ত অবস্থায় ট্রেনে ওঠার চেষ্টা করেন বিটুল মিয়া। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস আই/














Discussion about this post