ভারতের অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির অন্তত ১০৫টি ঘটনা মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভারতের সুপ্রিম কোর্টে বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) অগ্রগতি প্রতিবেদনের তথ্য তুলে ধরে এ কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।
আদালতকে জানানো হয়, অনুদান চুরির তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। চার্জশিট জমা পড়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
এসআইটির প্রতিবেদনে সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। আদালত এসব তথ্য নথিভুক্ত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, মূল্যবান সামগ্রীর রসিদ সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয় এবং সেগুলো স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি লকারে সংরক্ষণ করা হয়।
মামলার আট আসামি বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩ (১)(এ) ধারায় মামলা হয়েছে।
অনুদান চুরির অভিযোগ সামনে আসার পর রাম মন্দির ট্রাস্টের শীর্ষ কর্মকর্তা চম্পত রাই ও অনিল মিশ্রকে পদ থেকে সরানো হয়। পরে ট্রাস্টে সিইও-নেতৃত্বাধীন প্রশাসনিক কাঠামো চালু করে সাবেক সামরিক কর্মকর্তা জিতেন্দ্র মিশ্রকে সিইও নিয়োগ দেওয়া হয়।
তিন সদস্যের এসআইটি গত ১৩ জুন রাজ্য সরকারের উদ্যোগে গঠন করা হয়। দলটি ২৩ জুন প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে বেশ কয়েকটি কঠোর সুপারিশ করেছিল।
সূত্র: এনডিটিভি
এস আই/














Discussion about this post