সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সাহস থাকলে দেশে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, আওয়ামী লীগের সময় নাটোরে অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয় নাই। শেখ হাসিনাকে বলবো, আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজ থেকে ৪৮ বছর আগে যখন বিএনপির জন্ম হয়, তখন আমি স্কুলের ছাত্র। সেই সময় থেকে আমি বিএনপিকে ভালোবাসি এবং এই সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক জীবনে যে আদর্শ রেখে গিয়েছেন, সেটা দেশের মানুষ আজীবন মনে রাখবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের জন্ম না দিলে আজকে এই অনুষ্ঠানে থাকতে পারতাম না, সংসদে হুইপও হতে পারতাম না। আমি একজন বিএনপির কর্মী, এটাই আমার গর্ব। আমি বিএনপির কর্মী হিসেবে থেকেই মরতে চাই।
তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে হত্যাকারীরা ভেবেছিল এদেশের মানুষের মন থেকে বিএনপির ভালোবাসা মুছে ফেলবে কিন্তু সেটা সম্ভব হয়নি। আওয়ামী লীগ খুন, গুম নির্যাতন করে এদেশের মানুষের মন থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু মিথ্যা মামলা দিয়েই দেশান্তর করা হয় নাই, তাকে শারীরিক নির্যাতন করে তার হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে।
হুইপ বলেন, বাংলাদেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। দেশের মানুষ যে আশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, বিএনপি অবশ্যই তার প্রতিদান দেবে।
আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল প্রমুখ।
এস আই/














Discussion about this post