ময়মনসিংহে স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন ৬০ বছর বয়সী মো. আব্দুল বাছেদ। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পাশাপাশি নিখোঁজ স্ত্রী ও খোয়া যাওয়া মালামালের সন্ধান পেতে সহযোগিতা চেয়ে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
আব্দুল বাছেদ ময়মনসিংহ নগরের কোতোয়ালি থানার বেগুনবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে মোছা. রেখা আক্তারকে বিয়ে করেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৮ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁর বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যান রেখা আক্তার। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় হাসিনা নামের এক নারীর সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন আব্দুল বাছেদ। ওই নারী মেহেদীর মা হিসেবে পরিচিত। তাঁর দাবি, বিভিন্ন সময়ে হাসিনা রেখা আক্তারকে নানা পরামর্শ দিয়ে এ ঘটনা ঘটাতে উৎসাহিত করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত নারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আব্দুল বাছেদের ধারণা, নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল কুমিল্লার বড় জনতা বাজার এলাকায় রেখা আক্তারের আত্মীয়স্বজনের কাছে থাকতে পারে। এ কারণে সংশ্লিষ্ট মালামালের সন্ধান পেতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
তিনি আরও ঘোষণা দিয়েছেন, নিখোঁজ স্ত্রী এবং স্বর্ণালংকারসহ খোয়া যাওয়া মালামালের বিষয়ে কার্যকর তথ্য দিতে পারলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস আই/














Discussion about this post