বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরের আগে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) কাছে বিশেষ নিরাপত্তা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসসহ (আইআরজিসি) রাষ্ট্রীয় প্রতীক বা সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের ‘অপমান’ বরদাশত করা হবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে তেহরান এই দাবি তুলেছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ আয়োজন করবে।
মেহদি তাজ বলেন, “আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছি, কারণ আমরা যোগ্যতা অর্জন করেছি। আমাদের আয়োজক ফিফা, কোনো নির্দিষ্ট দেশ বা রাজনৈতিক নেতা নয়। যদি তারা আমাদের স্বাগতিক হয়, তাহলে অবশ্যই আমাদের রাষ্ট্রীয় প্রতীক ও সামরিক প্রতিষ্ঠানকে সম্মান দেখাতে হবে।”
সম্প্রতি কানাডায় প্রবেশের সময় ইরানি ফুটবল প্রতিনিধিদলকে ভিসা জটিলতায় পড়তে হয়। তাজ অভিযোগ করেন, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে। পরে কানাডা জানায়, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাজের ভিসা বাতিল করা হয়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
পরবর্তীতে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডের জুরিখে আমন্ত্রণ জানান।
ইরানের দাবি, ভবিষ্যতে যেন কানাডার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য ফিফাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে হবে। বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা।
সূত্র: আল জাজিরা
এম এইচ/














Discussion about this post