চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সোয়া ৯টায় তিনি গুলশানের বাসা থেকে বের হন। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে রাজধানীসহ কুমিল্লার রাস্তার দুই পাশে অস্থান নেন নেতাকর্মীরা। তারা নানা স্লোগান দেন।
সফরকালে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন।
বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান। দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন।
বেলা সাড়ে ৩টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আর বিকাল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তার এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এরই মধ্যে সম্ভাব্য বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এম এইচ/














Discussion about this post