গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষককে ছাত্রের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বোনারপাড়া এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার একটি কক্ষে শিক্ষক রবিউল ইসলাম ও এক ছাত্রকে নিয়ে সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন।
অভিযুক্ত রবিউল ইসলাম সম্প্রতি মাদ্রাসাটিতে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটকে রেখেছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের পর আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এস আই/














Discussion about this post