আলোচিত ধারাবাহিক সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎই শুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নির্মাণের মাধ্যমে খ্যাতি লাভ করা পরিচালক কাজল আরেফিন অমি। গলার সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে কথা বলতে পারছেন না তিনি। গলায় তীব্র অস্বস্তিবোধ করার কারণে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্নও হতে হয়েছে তাকে।
মঙ্গলবার (৯ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক দীর্ঘ পোস্টে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন নির্মাতা অমি। সেখানে জানিয়েছেন, আপাতত ৭ দিনের বিশ্রামে রয়েছেন। চিকিৎসকরা কথা না বলার জন্য পরামর্শ দিয়েছেন তাকে।
এ নির্মাতা লিখেছেন, গত ক’দিন ধরে দাঁতের সমস্যার জন্য কিছুটা অসুস্থ বোধ করছিলাম। চিকিৎসা চলছিল এবং সুস্থ হওয়ার চেষ্টাও করছিলাম। যদিও ঠিকমত বিশ্রাম নেয়ার সুযোগ পাইনি এবং এরইমধ্যে আবার ‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিং শুরু করে দেই। কিন্তু আজ শুটিং চলাকালীন হঠাৎ অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটল।
অমি লিখেছেন, হঠাৎ করেই গলায় তীব্র অস্বস্তি অনুভব করতে থাকি। কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে এবং আমি ঠিকমত কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটি একটি আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল, সেখানে হঠাৎ ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না…।
তিনি লিখেছেন, এ অবস্থায় আমাদের শুটিং বন্ধ করতে হলো এবং আমি হাসপাতালে চলে গেলাম। চিকিৎসকরা আমার গলায় একটি সিস্ট পেয়েছেন এবং আমাকে আগামী ৭ দিনের জন্য ‘ভয়েজ রেস্ট’ বা কথা না বলে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন―কোনোভাবেই কথা বলা যাবে না। আর এই সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
সবশেষ নির্মাতা অমি লিখেছেন, আমি ঠিক বুঝতে পারছি না কী ঘটছে, পুরো বিষয়টি মানসিকভাবে বিপর্যয়কর মনে হচ্ছে আমার কাছে। আমি একজন কাজপাগল মানুষ। প্রতিমাসে আপনাদের জন্য ৮টি করে এপিসোড রিলিজ করি। আশা করি সেটা যেন চালিয়ে যেতে পারি। এখন আপনাদের দোয়া ও প্রার্থনা প্রয়োজন। সুস্থ হওয়ার চেষ্টা করছি। আপনাদের প্রার্থনায় রাখবেন।
এস আই/














Discussion about this post