প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রাতে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কার্ড নেওয়ার পর কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হন।
স্থানীরা জানান, কবির ১৯৯২ সালের এসএসসি পরীক্ষা দেন। তবে অকৃতকার্য হয়ে কর্মসংস্থানের জন্য বিদেশে চলে যান। প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। নিজে একটি সেচ মেশিন কিনেছেন, যার মাধ্যমে নিজের জমি এবং অন্যের জমিতে সেচ দিয়ে থাকেন। কৃষিকাজের পাশাপাশি কবির ফেসবুক পেজ পরিচালনা করেন। সেখানে ছবি-ভিডিও করে প্রচার করেন। সেই সুবাদে তিনি এলাকায় পরিচিত মুখ।
কবির হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান। তিনি বলেন, কবির একজন কৃষক। ফেসবুকের মাধ্যমে তিনি এলাকায় সুপরিচিত। তার দলীয় পদ-পদবি নেই।
এম এইচ/














Discussion about this post