ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর দেশবাসীর প্রতি সংহতি প্রকাশ করে বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে থাকা মাদুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো এক যৌথ বার্তায় বলেন, “আজকের বার্তা একটাই—সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ।”
চলতি বছরের শুরুতে কারাকাসের প্রেসিডেন্ট ভবন থেকে মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নিউইয়র্কে ফেডারেল হেফাজতে রয়েছেন। সেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে মামলা চলছে।
টেলিগ্রামে দেওয়া বার্তায় মাদুরো বলেন, কেউ যেন একা না থাকে। প্রতিটি সম্প্রদায় তাদের শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থদের যত্ন নিক। তিনি জনগণকে উদ্ধার ও চিকিৎসাসেবায় নিয়োজিত দলগুলোর কাজে সহায়তা করার আহ্বান জানান।
তিনি বলেন, ভেনেজুয়েলা আজ একটি বড় পরীক্ষার মুখোমুখি। তবে বিশ্বাস, শৃঙ্খলা ও সংহতির মাধ্যমে আমরা আবারও ঘুরে দাঁড়াব।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, ভূমিকম্পে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে আরো সময় লাগবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এম এইচ/














Discussion about this post