ইরানে মার্কিন বাহিনীর প্রতিশোধমূলক হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি প্রতীকী ছবি শেয়ার করেন, যেখানে তাকে গ্রিক পুরাণের চরিত্র ‘অ্যাটলাস’-এর রূপে দেখা যায়।
ছবিতে ট্রাম্পকে মার্কিন পতাকা জড়িয়ে পৃথিবীকে দুই হাতে উঁচিয়ে ধরে রাখতে দেখা যায়। তবে তিনি পোস্টটির সঙ্গে কোনো ক্যাপশন বা ব্যাখ্যা দেননি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ইরানে মার্কিন ড্রোন সংরক্ষণস্থলে হামলার একদিন পরই এই ছবি প্রকাশ করেন ট্রাম্প। পর্যবেক্ষকদের মতে, এই প্রতীকী চিত্রের মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে বৈশ্বিক পরিস্থিতির ভার তিনি নেতৃত্বের অংশ হিসেবে বহন করছেন।
ট্রাম্পের এ ধরনের প্রতীকী এআই ছবি প্রকাশ এটি প্রথম নয়। এর আগেও তিনি নিজেকে যাজকের পোশাকে দেখানো একটি এআই-নির্মিত ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে দেখা যায়। সেই সময় ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।
গ্রিক পুরাণ অনুযায়ী, ‘অ্যাটলাস’ ছিলেন এমন এক চরিত্র যাকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি হিসেবে চিরকাল আকাশ বা পৃথিবী কাঁধে বহন করতে বাধ্য করা হয়েছিল। ট্রাম্পের সাম্প্রতিক এই ছবি সেই পৌরাণিক প্রতীকেরই আধুনিক উপস্থাপনা হিসেবে দেখা হচ্ছে।
এস আই/














Discussion about this post