রাজধানীর একটি ব্যস্ত সড়কের পাশে অবস্থিত একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেও তার একটি নিয়মিত অভ্যাস ছিল—প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ অতিক্রম করার সময় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানো। তার এই নীরব শুভেচ্ছা একসময় প্রধানমন্ত্রীর নজর কাড়ে। পরে তার পক্ষ থেকে আব্দুস সালামের জন্য উপহার পাঠানো হয়।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দেন এবং তার শারীরিক অবস্থা ও পারিবারিক খোঁজখবর নেন।
জানা গেছে, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। আর্থিক সংকটের কারণে গত আট মাস ধরে তিনি রাজধানীর সাবেক রমনা থানার সামনে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। তবে স্ট্রোক করার পর সেই পেশা ছেড়ে নিরাপত্তাকর্মীর দায়িত্ব নেন। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী সচিবালয়ে যাতায়াতের সময় আব্দুস সালাম নিয়মিত বুথের সামনে দাঁড়িয়ে ধানের শীষ হাতে শুভেচ্ছা জানাতেন। তার এই আন্তরিকতা প্রধানমন্ত্রীর নজরে এলে খোঁজখবর নিতে এবং উপহার পৌঁছে দিতে অতিরিক্ত প্রেস সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়।
উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, এমন সৌভাগ্যের কথা তিনি কখনো কল্পনাও করেননি। তার ভাষায়, প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা লক্ষ্য করেছেন এবং তার জন্য উপহার পাঠিয়েছেন—এটাই তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন এই পথ দিয়ে যাতায়াত করেন, তখন তিনি নিয়মিত সালাম জানান। তার দাবি, প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সেই মুহূর্তগুলো তার কাছে বিশেষ আনন্দের।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, একজন সাধারণ কর্মজীবী মানুষের আন্তরিক অনুভূতির প্রতি এমন সাড়া মানবিকতার একটি ব্যতিক্রমী উদাহরণ।
এস আই/














Discussion about this post