বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ শুমারিতে উঠে এসেছে, ভারত ও পাকিস্তানের মানুষের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। ২০২৩ সালে জন্মের সময় বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে তা ৭১ বছর ও পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের গড় আয়ু বাংলাদেশের চেয়ে বেশি ও যথাক্রমে ৭৮ দশমিক ৫ ও ৮১ দশমিক ৪ বছর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন গ্লোবাল হেলথ এস্টিমেটস-এ ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু, সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত সময়, মৃত্যুর কারণ ও রোগের বোঝা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে বিশ্বে গড় আয়ু প্রায় মহামারির আগের পর্যায়ে ফিরে এসেছে। তবে সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত সময় বা হেলদি লাইফ এক্সপেক্টেন্সি আগের তুলনায় ধীরে পুনরুদ্ধার হয়েছে।
এদিকে, করোনার আগে বৈশ্বিক গড় আয়ু যা ছিল ২০২৩ সালে এটি প্রায় আগের জায়গায় ফিরে এসেছে। তবে সুস্থভাবে মানুষের বেঁচে থাকার বিষয়টি ধীরে ধীরে ভালো হচ্ছে।
২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু দাঁড়ায় ৭৩ দশমিক ৩ বছরে। যা ২০১৯ সালের গড় আয়ু ৭৩ দশমিক ৪ বছরের প্রায় কাছাকাছি। ওই বছরের শেষ থেকে বিশ্বে করোনা মহামারি দেখা দেয় ও ২০২০ সালে তাণ্ডব চালায়। ২০২১ সালে করোনা মহামারির কারণে গড় আয়ু ৭১ দশমিক ৫ শতাংশে নামে।
ডব্লিউএইচও জানিয়েছে, তাদের গ্লোবাল হেলথ এস্টিমেটস বিভিন্ন দেশের জাতীয় তথ্য, জাতিসংঘের অংশীদার সংস্থা, ডব্লিউএইচও’র কারিগরি কর্মসূচি ও অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার তথ্য একত্র করে তৈরি করা হয়। এসব হিসাবে গড় আয়ু, সুস্থ জীবনকাল, মৃত্যুহার ও রোগের বোঝার মতো সূচক অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: ডব্লিউএইচও
এ ইউ/














Discussion about this post