ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের বাজারে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের ব্যবহার হয়। আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদের সাথে নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্করের বন্ধুত্ব ছিল। গত বৃহস্পতিবার টিকটক ভিডিও নিয়ে চার বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর জেরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিষয়টি মীমাংসার জন্য শনিবার আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিরোধের নিষ্পত্তি হলেও পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ইউ/














Discussion about this post