নাটোরের লালপুরে বাবার ইঞ্জিনচালিত ট্রলির চাকার নিচে পড়ে মুরসালিন হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসালিন হোসেন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাবা পিন্টু ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় শিশু মুরসালিন ট্রলির শব্দ শুনে বাবাকে দেখার জন্য বাড়ির সামনে গেলে ট্রলির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ঘটনার পর বাবা পিন্টু মণ্ডল আহাজারি করে বলছিলেন, ‘আমি এমন একজন হতভাগা বাবা। আমার নিজের ট্রলিতে আমার বুকের ধনের মৃত্যু হলো। এই কষ্ট আমি কোনো দিন ভুলতে পারব না।’
লালপুর থানার (ওসি) নাজমুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
এ ইউ/














Discussion about this post