নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বাবু মিয়া (২৪) উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নান্দু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের সময় ভুক্তভোগীর বাবা মসজিদে ছিলেন এবং মা গোসল করতে নদীতে গিয়েছিলেন। এই সুযোগে বাবু মিয়া প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী তরুণীকে একটি নির্জন ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ওই নারী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং শারীরিক অক্ষমতার কারণে কথা বলতে না পারলেও হাতে লিখে পরিবারের সদস্যদের পুরো ঘটনার বর্ণনা দেয়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে হতবিহব্বল হয়ে পড়েন।
স্থানীয় প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন বাকপ্রতিবন্ধী মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।’
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেছে। অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকে পলাতক।
তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
এ ইউ/














Discussion about this post