ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা সবাই অবগত যে খালেদা জিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার এই অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমাজ ও দেশের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটি দল-মত নির্বিশেষে সবাই স্বীকার করেন। এমনকি আমরা যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই, তারাও তাকে সম্মান করি। আজকের এই দোয়া মাহফিলে বিপুল মানুষের উপস্থিতি তার প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন।
উপাচার্য আরও বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, তাদের জন্য দোয়া করা এবং তাদের মনোবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা আজ সেই মহান উদ্দেশ্যে একত্রিত হয়েছি।
তিনি বলেন, আমরা আন্তরিকভাবে দোয়া করি বেগম খালেদা জিয়া দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এবং জনগণের কল্যাণে তার ভূমিকা পালনে পুনরায় সক্ষম হন। আল্লাহ তা’আলা তাকে সুস্থতা, শক্তি ও ধৈর্য দান করুন।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি এবং সব অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এম এইচ/














Discussion about this post