নতুন এক বিষয় নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেইসবুক, যেখানে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী মাসে কতগুলো লিংক শেয়ার করতে পারবেন তার একটি সীমা বা লিমিট নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছে কোম্পানিটি। নির্দিষ্ট সংখ্যার বেশি লিংক দিতে চাইলে নিতে হবে অর্থের বিনিময়ে দেওয়া মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর কাছে আসা নোটিফিকেশনে বলা হয়েছে, সাবস্ক্রিপশন ছাড়া ফেইসবুক পোস্টে কেবল নির্দিষ্ট সংখ্যক লিংক শেয়ার করতে পারবেন তারা। আর সাবস্ক্রিপশনের খরচ প্রতি মাসে প্রায় ৯.৯৯ পাউন্ড থেকে শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করে মেটার একজন মুখপাত্র বলেছেন, এটি সীমিত সময়ের পরীক্ষা, যার উদ্দেশ্য বেশি পরিমাণে লিংক শেয়ারের সুবিধাটি মেটা ভেরিফাইড সাবস্ক্রাইবারদের জন্য বাড়তি কোনো গুরুত্ব যোগ করে কি না তা যাচাই করা।
সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ ম্যাট নাভারা বলেছেন, ফেইসবুক এখন কেবল বিজ্ঞাপন থেকে আয় করে সন্তুষ্ট নয়, বরং প্ল্যাটফর্মের সাধারণ ফিচারের ওপর সীমাবদ্ধতা আরোপ করে ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি অর্থ নেওয়ার পথ খুঁজছে।
বিষয়টি আসলে ভেরিফিকেশন বা পরিচয় যাচাইয়ের নয়, বরং প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফিচারকে সাবস্ক্রিপশন প্যাকেজের ভেতর আটকে দিতে চাইছে কোম্পানিটি।
মেটা ভেরিফাইড সুবিধাটি ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ‘ব্লু টিক’ বা নীল চিহ্ন দেওয়ার মাধ্যমে উন্নত মানের ‘অ্যাকাউন্ট সাপোর্ট’ বা কারিগরি সহায়তা ও পরিচয় চুরির হাত থেকে সুরক্ষার নিশ্চয়তা দেয়।
নাভারা বলেছেন, আগে কারো পোস্ট কত মানুষের কাছে পৌঁছাবে তা নির্ভর করত ফেসবুকের অ্যালগরিদমের ওপর। এখন বেশি মানুষের কাছে পৌঁছাতে বা বেশি লিংক শেয়ার করতে হলে অর্থ দিতে হবে। ফেইসবুক থেকে লিংক শেয়ার করে অন্য কোনো ওয়েবসাইটে পাঠানো সাধারণ ও বিনামূল্যের সুবিধা। এখন সেই ‘মৌলিক কাজটিকেও পেইড ফিচারে পরিণত করতে চাইছে ফেইসবুক’।
নাভারা নিজেও ফেইসবুকের এ পরীক্ষার নোটিফিকেশন পেয়েছেন, যেখানে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ফেইসবুক পোস্টে মাসে কেবল দুটি লিংক শেয়ার করতে পারবেন তিনি।
নাভারা বলেছেন, আপনি একজন কনটেন্ট নির্মাতা বা ব্যবসায়ী হলে আপনার জন্য মূল বার্তাটি হচ্ছে, ফেইসবুক যদি আপনার ব্যবসা বাড়ানো বা ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার কৌশলের অংশ হয়ে থাকে তবে সেই সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে এখন থেকে দাম দিতে হবে। এবং ফেইসবুক ধীরে ধীরে বিনামুল্যে সুবিধা দেওয়া কমিয়ে অর্থের বিনিময়ে সুবিধা দেওয়ার দিকে যাচ্ছে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। তবে এবার সরাসরি নোটিফিকেশন দিয়ে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে প্লাটফর্মটি।
বর্তমানে এ পরীক্ষার আওতায় রয়েছে ফেইসবুকের ‘প্রফেশনাল মোড’ ব্যবহারকারী নির্দিষ্ট সংখ্যক কনটেন্ট নির্মাতা ও পেইজ। তবে সংবাদ মাধ্যম বা প্রকাশকরা আপাতত এর অন্তর্ভুক্ত নয়।
অনেক নির্মাতা ও প্রতিষ্ঠান ফেইসবুকের ওপর নির্ভরশীল। ফলে বাইরের বিভিন্ন ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর সক্ষমতা কমিয়ে দেওয়া তাদের জন্য বড় এক আঘাত হতে পারে।
‘মেটা ভেরিফাইড’ সাবস্ক্রিপশনের কারণে অনেক নির্মাতা আগে থেকেই ক্ষুব্ধ, যার খরচ মাসে ১৪.৯৯ ডলার। এর ওপর এখন লিংক শেয়ার করাকেও পেইড ফিচারে পরিণত হলে জনপ্রিয়তা হারাতে পারে ফেইসবুক।
এস এইচ/














Discussion about this post