আগামী ২ আগস্ট ২০২৭ তারিখে ঘটতে যাচ্ছে একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ। ওই দিন, দিনের বেলায় পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ের জন্য গভীর অন্ধকারে ঢেকে যাবে। সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাওয়ার কারণে কয়েক মিনিটের জন্য দিনের এবং রাতের পার্থক্য বোঝা যাবে না।
এই বিরল মহাজাগতিক ঘটনার সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু এলাকায় ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্নতা বিরাজ করবে, যা এই শতাব্দীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ হিসেবে বিবেচিত হবে। যদিও ইউরোপের অধিকাংশ অংশ, পশ্চিম এশিয়া এবং পূর্ব আফ্রিকার বেশ কয়েকটি দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার অধিকাংশ দেশ থেকে এটি দৃশ্যমান হবে না।
বহু বছর ধরে জ্যোতির্বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রহণের সময়, গতিপথ এবং কোন কোন অঞ্চলে সূর্যগ্রহণ দেখা যাবে তা নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে।
পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে শুরু হবে। এরপর এটি অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সৌদি আরব এবং শেষ হবে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে। এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক স্থানে দুপুরের সময় আকাশ এমন অন্ধকার হবে যেন হঠাৎ করে সন্ধ্যা নেমে এসেছে।
চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি, নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ সব জায়গা থেকে মানুষ এই বিরল প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে।
এই ঘটনা জ্যোতির্বিজ্ঞানের অগ্রগণ্য গবেষণা ও প্রযুক্তির যুগান্তকারী উন্নতির প্রতিফলন। ২০২৭ সালের এই পূর্ণ সূর্যগ্রহণ মহাকাশপ্রেমী এবং সাধারণ মানুষের জন্য একটি দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।
সূত্রঃ আর টিভি
এম এইচ/











Discussion about this post