চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসা-এ ভি.আই.পি হিফজ বিভাগের উদ্যোগে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট ৭০ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে পাগড়ি লাভ করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী।
এ সময় নাজেরা থেকে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সবক প্রদান, ধারাবাহিক এক বৈঠকে ৩০ পারা কুরআন তিলাওয়াত (সবীনা) এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী বলেন, ‘এটি কোনো ব্যবসায়িক উদ্যোগ নয়; বরং দ্বীনি খেদমতের অংশ। তিনি বলেন, এখানে লক্ষ্য টাকা উপার্জন নয়, বরং কুরআনের হাফেজ তৈরি করে সমাজে যোগ্য আলেম গড়ে তোলা। তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠান থেকে যারা হাফেজ হয়ে বের হবে, তাদেরকে পরবর্তীতে আলেম হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
তিনি কোরআনের হাফেজদের পিতা-মাতার মর্যাদার কথা উল্লেখ করে বলেন, ‘আল্লাহ তায়ালা তাদের এমন তাজ পরাবেন যার জ্যোতি দুনিয়ার যে কোনো আলোর চেয়েও অধিক উজ্জ্বল হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে হাফেজ হিসেবে গড়ে তোলা শুধু দুনিয়ার সফলতা নয়; আখিরাতের জন্যও বিরাট নিয়ামত।’
অনুষ্ঠানে জানানো হয়, আগামী রমজানের ঈদের পর শিক্ষার মান আরও উন্নত করতে নতুন ও উন্নতমানের ভি.আই.পি মুতাফাররেকা বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শেষে মাদ্রাসার সার্বিক উন্নতি এবং দেশ-বিদেশের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।
সূত্রঃ সময় সংবাদ
এম এইচ/














Discussion about this post