অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকরা যদি যথাযথ অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকেন, তাহলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যম জাতির দর্পণ। এ ধরনের তথ্য গণমাধ্যমে তুলে ধরা হলে ব্যবস্থা নিতে আরও সহজ হবে।
কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকসংকট তৈরি হয়েছে।
তিনি জানান, দুই-চার মাসের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস আই/














Discussion about this post