ভারতের গ্রেটার নয়ডার দনকৌর থানা এলাকায় অনলাইনে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পার্সেল খুলতেই ডিভাইসের বদলে গোবর পেয়েছেন এক যুবক। আকাশ নগর নামের ওই ভুক্তভোগী ডিভাইসটির জন্য আগেই অনলাইনে পুরো মূল্য পরিশোধ করেছিলেন।
জানা গেছে, নিজের কাজের সুবিধার্থে কয়েকদিন আগে একটি ওয়েবসাইটের মাধ্যমে ১৯৯৯ টাকা মূল্যের ওই অ্যান্ড্রয়েড ডিভাইসটি অর্ডার করেন আকাশ। গত সোমবার বিকেল ৫টার দিকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি তার বাড়িতে পৌঁছায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পার্সেলটি হাতে পেয়ে বাক্স খোলার পর ইলেক্ট্রনিক ডিভাইসের বদলে ভেতরে গোবর দেখতে পেয়ে তিনি হতবাক হয়ে যান। অনলাইনে কেনাকাটার নামে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি অবিলম্বে সাইবার ক্রাইম পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, বর্তমানে বুকিংয়ের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের সত্যতা, অর্থপ্রদানের লেনদেনের বিবরণ এবং কুরিয়ারের ডেলিভারি চেইন খতিয়ে দেখা হচ্ছে। এই প্রাথমিক তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এই ঘটনার পর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সাধারণ ক্রেতাদের অনলাইনে কেনাকাটা করার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তারা জানিয়েছেন, ভোক্তাদের সবসময় যাচাইকৃত প্রতিষ্ঠান ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে পণ্য কেনা উচিত। পাশাপাশি অননুমোদিত তৃতীয় পক্ষের বিক্রেতাদের এড়িয়ে চলা এবং অর্ডার করার আগে লেনদেনের নিরাপত্তা ও বিক্রেতার তথ্য ভালোভাবে যাচাই করার ওপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: এনডিটিভি
এস আই/














Discussion about this post