গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে তীব্র বাধার মুখে পড়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে সংস্থাটির মালিকানাধীন প্রায় ৫,০০০ ট্রাক সীমান্তে আটকা পড়ে আছে।
সংস্থাটির গাজা কার্যক্রমের সিনিয়র উপপরিচালক জন হোয়াইট ব্রিটিশ দৈনিক দ্য জার্নাল–কে বলেন, ‘ইসরায়েল আমাদের মালিকানাধীন কোনো সরঞ্জাম গাজায় ঢুকতে দিচ্ছে না। তারা বলছে, অন্য ত্রাণ সংস্থাগুলোর কাছে আমাদের ত্রাণসামগ্রী হস্তান্তর করতে হবে।’
তিনি আরও জানান, ইসরায়েল শুধু সরবরাহ হস্তান্তরের নির্দেশই দিচ্ছে না, বরং সব প্যাকেজ থেকে ইউএনআরডাব্লিউএ–এর লোগো মুছে ফেলতেও বলছে।
ইসরায়েল গত বছরই তাদের সংসদে আইন পাস করে ইউএনআরডাব্লিউএ–এর কার্যক্রম নিষিদ্ধ করেছে। চলতি বছরের জানুয়ারিতে আইনটি কার্যকর হয়। ফলে সংস্থাটি গাজায় সরাসরি ত্রাণ নিয়ে যেতে পারছে না, যদিও সেখানকার লাখো মানুষ এখনো খাদ্য, পানি ও চিকিৎসার সংকটে ভুগছে।
গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠলেও, ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে ত্রাণ সরবরাহ কার্যত অচল হয়ে পড়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, এভাবে চলতে থাকলে গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হবে, আর সাধারণ মানুষই এর সবচেয়ে বড় মূল্য দেবে।
এম এইচ/














Discussion about this post