বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চায় বিএনপি। এরই মধ্যে সরকারের আনুষ্ঠানিক অনুরোধে খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার। দেশটির আমিরও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সকালে কাতার জানায়, তারা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত। গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করেন। তখনই কাতার তাদের ‘ইতিবাচক মনোভাবের’ কথা জানায়। আজ সেই সহযোগিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর চার দিন পর ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। গত কয়েকদিন থেকেই এ অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি।
শুরু থেকেই দেশি-বিদেশি চিকিৎসকরা যোগাযোগ রাখছিলেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরই ধারাবাহিকতায় আজ এভারকেয়ারে আসেন যুক্তরাজ্যের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল।
জানা গেছে, নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি সব ধরনের উন্নত চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া। দেশের চিকিৎসক দলের সঙ্গে চীনের একটি বিশেষজ্ঞ দলও সহায়তা করে যাচ্ছে।
পাশাপাশি আমেরিকা, চীন,কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করছে বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
গত সোমবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেদিন সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হলে এসএসএফ সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে।
এম এইচ/














Discussion about this post