গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবার স্থানীয় এক ব্যস্ত মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ব্রাজিল মোড়’। ব্রাজিলকে সমর্থন দিতেই এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন ব্রাজিল সমর্থকরা।
বুধবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারের জান্নাত মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙ্গিয়েছেন ব্রাজিল ভক্তরা।
ফলে গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে ৭০ ভাগ ব্রাজিলের সমর্থক হওয়ায় ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে মোড়টির নামকরণ করা হয় ‘ব্রাজিল মোড়’।
ইতিমধ্যে এই নামটি গ্রামবাসীর মধ্যে সাড়া ফেলেছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন দিতে এমন অভিনব আয়োজন করেন তারা। তাদের আশা এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে ২৪ বছরের খরা কাটানোর পাশাপাশি হেক্সা মিশন শেষ করবে।
এদিকে এই ঘটনার পর বসে নেই আর্জেন্টিনা সমর্থকরাও। তারাও এলাকাজুড়ে টাঙ্গিয়েছে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছেন তারা। তবে একে দলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বলে মনে করেছেন তারা।
ব্রাজিল সমর্থক রিফাত খাকি বলেন, আমরা ব্রাজিলকে মনে-প্রাণে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার একটা প্রতীক দরকার ছিল। এখন থেকে এই মোড়টি আমাদের মিলনমেলা। তাই এই মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙিয়ে দিয়ে নাম দিয়েছি ‘ব্রাজিল মোড়’।
অপর ব্রাজিল সমর্থক বর্ণ রহমান বলেন, আমাদের গ্রামের প্রায় ৭০ ভাগ লোক ব্রাজিলের সমর্থক। তাই আমাদের একটি স্থান দরকার হওয়ায় এ মোড়টির নাম ‘ব্রাজিল মোড়’ দিয়েছি। আশা করি এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।
আর্জেন্টিনা সমর্থক মো. নাজমুল শেখ বলেন, ব্রাজিল ভক্তরা মোড়ের নাম ‘ব্রাজিল মোড়’ দিলেও আমরা পিছেয়ে নেই। এলাকাজুড়ে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙানোর পাশাপাশি আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। আশা করি এবার আর্জেন্টিনা টানা ২য় শিরোপা ঘরে তুলবে।
গোপালগঞ্জের এই ‘ব্রাজিল মোড়’ এখন ব্রাজিল সর্থকদের জন্য আকর্ষণীয় স্পটে পরিণত হয়েছে| মাঠের লড়াই শুরুর আগেই কাশিয়ানীর এই মোড় জমিয়ে তুলেছে ফুটবল বিশ্বকাপের আগাম আমেজ।
এ ইউ/














Discussion about this post