রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে ধান কাটতে গিয়ে মো. হেলাল বিশ্বাসকে (৪০) ছোবল মারে বিষধর রাসেল ভাইপার। পরে সেই জীবিত সাপ প্লাস্টিকের কৌটায় করে ধরে নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন তিনি।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা চরে এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
জানা যায়, সকালে পদ্মার চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন হেলাল বিশ্বাস। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর আশপাশে থাকা অন্য কৃষকদের সহায়তায় তিনি সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পাংশায় এসে তিনি চিকিৎসা নেন।
এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম আকাশ বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী জীবিত সাপ নিয়ে আসেন। সাপটি দেখে আমরাও ভয় পাই। বর্তমানে তার চিকিৎসা চলছে। শুক্রবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এম এইচ/














Discussion about this post