নাটোরে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড উপকেন্দ্রে প্রায় দুই কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া মালামালের একটি বড় অংশ এবং ডাকাতিতে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ২৬ মে রাতে বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দ কাছুটিয়া এলাকায় নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা সেখানে কর্তব্যরত চারজন নিরাপত্তা প্রহরীকে মারধর করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক সরঞ্জাম ও ব্যাটারি লুট করে একটি ট্রাকে করে পালিয়ে যায়।
এ ঘটনায় নির্মাণকারী প্রতিষ্ঠান সিগনি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই ডাকাতির মূল সমন্বয়ক রুহুল আমিন ও সৈকত। তারা দুজন জেলখানায় বসেই এই চাঞ্চল্যকর ডাকাতির পরিকল্পনা করেন এবং জামিনে বেরিয়ে এসে সহযোগীদের নিয়ে তা বাস্তবায়ন করেন।
তিনি বলেন, নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বড়াইগ্রাম থানা পুলিশের একটি যৌথ দল।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ৩৫০টি ব্যাটারি সেল, ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক, ১০টি মোবাইল ফোন এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
এস আই/














Discussion about this post