টাঙ্গাইলের মধুপুরে ছাগল তুলতে গিয়ে পরিত্যক্ত একটি কূপে পড়ে বাবা-ছেলেসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেলকি এলাকার বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), গ্যাব্রিয়েল (৪০) ও প্রতিবেশী রতন নকরেক (২৭)।
সাবেক ইউপি সদস্য লাল মিয়া জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলটি তুলতে প্রথমে কূপে নামে নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা।
একইভাবে গ্যাব্রিয়েল এবং সবশেষে রতন কূপে নামেন। কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস একে একে চারজনের লাশ উদ্ধার করে।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার বলেন, ‘কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিস চারটি মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এস আই/














Discussion about this post