তুরস্কের পর মিশরও নিজেদের জলসীমার বন্দর থেকে তাড়িয়ে দিল সমকামীদের প্রমোদতরী। ‘স্কারলেট লেডি’ নামের এই বিলাসবহুল জাহাজটিতে মূলত এলজিবিটিকিউ (L.G.B.T.Q.) সম্প্রদায়ের যাত্রীদের নিয়ে ভূমধ্যসাগরে ভ্রমণ করছিল। পর্যটন সংস্থা ‘আটলান্টিস ইভেন্টস’-এর চার্টার করা এই জাহাজটির গত ৭ জুলাই তুরস্কের ইজিয়ান উপকূলীয় রিসোর্ট শহর কুসাদাসিতে নোঙর করার কথা ছিল। কিন্তু এথেন্স থেকে যাত্রা শুরুর প্রস্তুতিকালেই তুরস্ক কর্তৃপক্ষ ‘নৈতিক মূল্যবোধ’-এর কারণ দেখিয়ে জাহাজটিকে তাদের বন্দরে ভিড়তে নিষেধ করে।
তুরস্কের এমন আকস্মিক প্রত্যাখানের পর বিকল্প গন্তব্য হিসেবে গত ৯ জুলাই মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে নোঙর করার প্রাথমিক অনুমোদন পেয়েছিল প্রমোদতরিটি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর মাত্র চার ঘণ্টা আগে মিশরও তাদের প্রবেশের অনুমতি বাতিল করে দেয়। তুরস্কের আয়দিন প্রদেশের স্থানীয় কর্মকর্তারা এই বিষয়ে জানান, ক্রুজটির যাত্রীদের জীবনাচরণ তাদের সমাজের কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং এটি তুর্কিদের মধ্যে চরম অস্বস্তি তৈরি করেছে।
অন্যদিকে, মিশর আনুষ্ঠানিকভাবে কোনো কারণ না জানালেও সংশ্লিষ্টরা মনে করছেন, তুরস্কের মতোই রক্ষণশীল সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাধ্য হয়ে প্রমোদতরিটি সাগরে ভাসমান থাকার পর গ্রিসের ক্রিট দ্বীপের পূর্বনির্ধারিত গন্তব্যে যাত্রা করে।
প্রায় ১,৯০০ জন যাত্রী বহনকারী এই জাহাজের বেশিরভাগই ছিলেন মার্কিন নাগরিক এবং সমকামী পুরুষ। প্রমোদতরিটিতে বিখ্যাত ব্রডওয়ে অভিনেত্রী ও গায়িকা প্যাটি লুপোনও উপস্থিত ছিলেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আটলান্টিস ইভেন্টসের প্রেসিডেন্ট রিচ ক্যাম্পবেল জানান, এর আগেও তাদের ক্রুজ এই দেশগুলোতে কোনো বাধা ছাড়াই ভ্রমণ করেছে। রাজনৈতিক ও সামাজিক কারণে এবারই প্রথম এমন ঘটনার সম্মুখীন হতে হলো।
রক্ষণশীলতা ও পর্যটন যে একসঙ্গে সহাবস্থান করতে পারে, সে বিষয়ে তিনি জোর দেন। র্যান্ডি স্লোভাচেক নামের এক সাংবাদিক ও যাত্রী জানান, তুরস্ক ও মিশরের এমন সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে তাদেরই ক্ষতি করেছে। ক্ষুব্ধ যাত্রীরা জানিয়েছেন, এমন বৈষম্যমূলক আচরণের পর তারা আর কখনোই এই দুই দেশে ভ্রমণ করবেন না।
এস আই/














Discussion about this post