বিশ্বকাপের শেষ ষোলোয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত এবং ভিএআরের ভূমিকা।
ম্যাচে মিশরের একটি গোল বাতিল হওয়া এবং সম্ভাব্য একটি পেনাল্টি না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মিশরের কোচ হোসাম হাসানের অভিযোগের পর এবার রেফারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন জোসে মরিনহো।
রিয়াল মাদ্রিদ, চেলসি ও ইন্টার মিলানের সাবেক কোচ জোসে মরিনহো রেফারিংকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, এটি যেন ‘দিনের আলোয় ডাকাতি’।
তার ভাষায়, ‘এই আর্জেন্টিনা দলের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকাও যথেষ্ট নয়। কারণ, আপনি শুধু ১১ জন ফুটবলারের বিপক্ষে খেলছেন না; খেলছেন রেফারির বাঁশির বিপক্ষে, ভিএআর রুমের বিপক্ষে, এমনকি পুরো টুর্নামেন্টের লিখে রাখা চিত্রনাট্যের বিপক্ষেও।’
মরিনহোর দাবি, গোল হওয়ার পর সেটি বাতিল করার সিদ্ধান্ত ফুটবলের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, ‘এটা দিনের আলোয় ডাকাতি। যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির তখনই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার জন্য অপেক্ষা করে পরে সেটি বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত একটি দলের পরিশ্রমকে মুহূর্তেই ম্লান করে দিতে পারে এবং এত বড় মঞ্চে এ ধরনের বিতর্ক ফুটবলের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে।
এ ইউ/














Discussion about this post