ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনী দেশটির শীর্ষ সামরিক কমান্ডারের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর জনসমক্ষ থেকে নিজেকে আড়ালে রাখলেও, গত কয়েক দিনের ব্যবধানে এটি তার দ্বিতীয় সরাসরি বৈঠক। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ‘ফারস নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনী সামরিক সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহির সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে আবদুল্লাহি ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করেন। আবদুল্লাহি সতর্কবার্তা দিয়ে বলেন, “আমেরিকান ও জায়নবাদী শত্রুদের যেকোনো বৈরী আচরণের জবাব দিতে আমাদের বাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত।” তিনি আরও জানান, সামান্যতম কৌশলগত ভুল বা আক্রমণের চেষ্টা হলে তার ফল হবে অত্যন্ত তীব্র ও ভয়াবহ।
উল্লেখ্য, গত মার্চ মাসে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় পূর্বসূরি ও পিতা আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুর পর মোজতবা দায়িত্ব নিলেও এখন পর্যন্ত তার কোনো ছবি বা ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়নি। ফলে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন ডালপালা মেলছিল। তবে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সুপ্রিম লিডারের সাথে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক করেছেন বলে জানা গেছে।
সিএনএন-এর এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, বর্তমানে মোজতবা খামেনী ইরানের যুদ্ধ কৌশল নির্ধারণে এবং যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনা তদারকিতে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করছেন। বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে ইরান বিশ্বকে তাদের সামরিক প্রস্তুতি ও সুপ্রিম লিডারের সক্রিয় অবস্থানের বার্তা দিতে চাইছে।
এস আই/














Discussion about this post