দেশে কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ এবং নিজের স্টুডিও ভাঙচুরের ঘটনার পর বাংলাদেশে নতুন করে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন কনটেন্ট নির্মাতা ও ইউটিউবার সালমান মুক্তাদির। এমনকি দেশে নিজের স্টুডিও পরিচালনার পরিকল্পনা থেকেও সরে এসেছেন তিনি।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সালমান। শনিবার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশে থেকে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সালমান জানান, দেশে থাকার পরিকল্পনা তার আগে থেকেই ছিল না। তবে স্টুডিও ভাঙচুরের ঘটনার পর বাংলাদেশে আর স্টুডিও পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে স্পষ্ট করে বলেন, দেশে নতুন করে কোনো বিনিয়োগও করবেন না।
সালমান আরও জানান, সরকারের সঙ্গে যোগাযোগ করে নিজের বক্তব্য ও কিছু প্রস্তাব তুলে ধরার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগ নিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। তার ধারণা, সংশ্লিষ্টদের কাছে নিজের কথা পৌঁছানোর মতো পরিবেশই তৈরি হয়নি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন এই কনটেন্ট নির্মাতা। তার মতে, এ বিষয়ে যাদের কথা বলা প্রয়োজন, তাদেরই মন্তব্য করা উচিত। সাধারণ মানুষ মূলত নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়েই পরিস্থিতি বুঝতে পারে।
এদিকে ব্যক্তিগত জীবনেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সালমান। স্ত্রী ও সন্তানকে নিয়ে বড় ধরনের সংকট মোকাবিলা করছেন বলে জানান তিনি। তবে অতীতের ক্ষতি নিয়ে পড়ে না থেকে প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপরই গুরুত্ব দিচ্ছেন এই তারকা।
উল্লেখ্য, সালমান মুক্তাদিরের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’ ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ছবিটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েই বাংলাদেশে বিনিয়োগ না করার সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তিনি।
এ ইউ/














Discussion about this post