বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বাহিনীর ব্যবহৃত প্রধান সদর দপ্তর ও সামরিক ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরাক সরকার। ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী আন্তর্জাতিক জোটের চলমান অভিযানের বর্তমান পর্ব শেষ করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরাকি কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঘাঁটিটির পূর্ণ নিয়ন্ত্রণ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরাকের সিকিউরিটি মিডিয়া সেল-এর প্রধান জেনারেল সাদ মান জানান, দেশে যেকোনো বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর অবস্থান কিংবা কার্যক্রমের প্রকৃতি নির্ধারণ করার একক সার্বভৌম ক্ষমতা এখন থেকে ইরাক সরকারের হাতে থাকবে।
জেনারেল সাদ মান আরও বলেন, জাতীয় নিরাপত্তা ব্যবস্থা স্বাধীনভাবে পরিচালনা করা এবং দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাই ইরাকের স্থিতিশীলতা নিশ্চিত করার প্রধান শর্ত। এর মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ইরাকের ভবিষ্যৎ সহযোগিতা আরও কার্যকর হবে।
আন্তর্জাতিক জোটের নেতৃত্বাধীন আইএস-বিরোধী অভিযানের বর্তমান ধাপটি আনুষ্ঠানিকভাবে আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে ওই অঞ্চলে অবস্থানরত বিদেশি মিত্র বাহিনীর মিশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।
তবে সামরিক মিশন শেষ হলেও যুক্তরাষ্ট্রসহ সাবেক জোট অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির দিকে এগোচ্ছে বাগদাদ। নতুন এই ধাপে যৌথ সামরিক অভিযানের পরিবর্তে অস্ত্র কর্মসূচি, ইরাকি নিরাপত্তা বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং যেকোনো উদীয়মান নিরাপত্তা হুমকি মোকাবেলায় বাহিনীকে প্রস্তুত করার কাজে সহায়তা করবে বিদেশি শক্তিগুলো।
দীর্ঘদিন পর নিজ দেশের নিরাপত্তা বলয় ও আন্তর্জাতিক প্রতিরক্ষা নীতি নিজের হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ে প্রবেশ করল ইরাক।
এস আই/














Discussion about this post