মাদারীপুরের রাজৈর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাবাসুম ও তাহামিনা নামের ছয় বছর বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোল্লাকান্দি এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত তাবাসুম ও তাহামিনা মোল্লাকান্দি এলাকার নাসির শেখের যমজ মেয়ে। একই সঙ্গে পৃথিবীর আলো দেখা দুই বোনের এমন করুণ মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।
মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশু পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন।
এ সময় একজনকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপর শিশুটিকে গুরুতর অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ছয় বছর বয়সে একই সঙ্গে বেড়ে ওঠা যমজ দুই বোনের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবার।
যমজ দুই বোনের একসঙ্গে চলে যাওয়া এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
এস আই/














Discussion about this post