ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এ পদে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রীত্ব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তাই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এ কারণে আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার আগেই নিজের প্রার্থিতার কথা জানালেন হিরো আলম।
রোববার তিনি গণমাধ্যমে বলেন, ‘এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার বিষয়টি তখন জানা ছিল না। জানলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতাম না।’
হিরো আলম আরও বলেন, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। তাই উত্তরাঞ্চলেই থাকা উচিত। তাদের কথার পাশাপাশি নিজের চিন্তা থেকেই এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই উপনির্বাচনে অংশ নিতে চান।
তবে এখনো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের মতো আনুষ্ঠানিক প্রক্রিয়াও বাকি। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।
এর আগে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এবার ঠাকুরগাঁও-১ আসনে তার প্রার্থী হওয়ার ঘোষণায় সম্ভাব্য উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এস আই/














Discussion about this post