ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ও ঘরবাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর মহল্লায় আর্জেন্টিনা বনাম মিশরের খেলা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বুধবার (৮ জুলাই) রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মিসরের খেলা নিয়ে তর্ক-বিতর্ক হয়। আর এ তুচ্ছ ঘটনা নিয়েই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জনমনে মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে তিনি জানান।’
এ ইউ/














Discussion about this post