সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে’ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কর্মসূচিতে সীমান্ত এলাকার ২৫ জন নির্বাচিত যুবক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিভিন্ন ত্রুটি শনাক্ত, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক সার্ভিসিং কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের আশা, এই দক্ষতা অর্জনের মাধ্যমে তারা নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত অঞ্চলের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এস আই/














Discussion about this post