ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে কোনো দেশকে মার্কিন অস্ত্র পরিবহন করতে দেবে না ইরান।
বুধবার (১৩ মে) মাশহাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, প্রণালীর পশ্চিম অংশ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে এবং পূর্ব অংশ ইরানের নৌবাহিনীর অধীনে রয়েছে।
আকরামিনিয়া বলেন, দুই বাহিনীর সমন্বিত নিয়ন্ত্রণ ইরানের তদারকি ও আঞ্চলিক প্রভাব আরও বাড়িয়েছে। এর ফলে দেশটি তেলের আয়ের দ্বিগুণ পর্যন্ত রাজস্ব অর্জন করতে সক্ষম হতে পারে বলেও দাবি করেন তিনি।
বিদেশি শক্তিগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ইরান কোনো দেশকে হরমুজ প্রণালি দিয়ে মার্কিন অস্ত্র পরিবহনের অনুমতি দেবে না।
তিনি আরও দাবি করেন, এর আগে অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে যে মার্কিন অস্ত্র মোতায়েন ছিল, তার বেশিরভাগই এখন ধ্বংস হয়ে গেছে।
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে আকরামিনিয়া বলেন, তেহরান আর হরমুজ প্রণালি দিয়ে মার্কিন অস্ত্রের চলাচল কিংবা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ মেনে নেবে না।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
এস আই/














Discussion about this post