ঠিক ১০ বছর আগে এই নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে বিএনপি নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করে তৎকালীন ফ্যাসিস্ট আ.লীগ সরকার। খুনি হাসিনার রোষানলে পড়ে বিচারিক হত্যাকাণ্ডের শিকার বিএনপির প্রভাবশালী এই নেতার একটি পুরোনো বক্তব্য আবারও আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
২০১৫ সালের নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধে প্রহসনমূলক এক বিচারিক প্রক্রিয়া শেষে তার ফাঁসি কার্যকর করা হয়। তখন বিচার নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তিনি সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বিভিন্ন পর্যায়ে বক্তব্যও দেন।
গত বছরের জুলাই-আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে সোমবার (১৭ নভেম্বর)। সাবেক এই স্বৈরাচারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ঘুরে বেড়াচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেটি বক্তব্যটি।
ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বিচারকদের উদ্দেশে বলেছিলেন—“জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে…।”
খুনি হাসিনার রায় ঘোষণার পর অনেকেই তার সেই মন্তব্যকে ‘ভবিষ্যদ্বাণীমূলক’ বলে শেয়ার করছেন এবং তুলনা করছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে।
রায়ের পর দেশজুড়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিকমাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যকে উদ্ধৃত করে মন্তব্য করছেন যে—এই বক্তব্য “বাস্তবে রূপ নিয়েছে”।
এ ছাড়া তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীও অতীতে দাবি করেছিলেন যে সালাউদ্দিন কাদের বিচার ‘জুডিশিয়াল মার্ডার’ ছিল।
এই রায়ের প্রতিক্রিয়ায় নিয়ে তাঁর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আদালতে বাবার করা মন্তব্যটি শুধু তাঁর ব্যক্তিগত বিশ্বাস ছিল না, বরং দীর্ঘদিন ধরে দেশের বহু মানুষের মনে একই প্রত্যাশা ছিল।
সোমবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আব্বা যখন আদালতে ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন, সেটা তাঁর দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু দেশের সাধারণ মানুষও মনে মনে এমন ঘটনারই প্রতীক্ষায় ছিল। গত ১৭ বছরে মানুষের বিশ্বাস তৈরি হয়েছিল যে একদিন শেখ হাসিনার বিচার হবে।’
হুম্মাম আরও বলেন, ‘হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সেগুলো দেশের মানুষ দেখেছে। তাই আমার বাবার মন্তব্য মানুষের কাছে ভবিষ্যদ্বাণীর মতো মনে হলেও বাস্তবে অনেকের মনেই একই ধারণা কাজ করছিল। বাংলাদেশের মাটিতে এ রায় একদিন না একদিন হবেই এটা বহুদিন ধরে আলোচনায় ছিল।’
এম এইচ/














Discussion about this post