নাইজেরিয়ার একটি বিদ্যালয়ে শিক্ষককে হত্যা করে একাধিক নারী শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার স্থানীয় সময় ভোরে দেশটির কেব্বি অঙ্গরাজ্যের একটি সরকারি বালিকা আবাসিক বিদ্যালয়ে এই হামলা হয়।
স্থানীয় পুলিশ জানায়, হামলাকারীরা প্রতিষ্ঠানের উপ-অধ্যক্ষকে হত্যার পর অন্তত ২৫ জন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিগত কয়েকমাস ধরে চলা ব্যাপক অপহরণের সর্বশেষ ঘটনা এটি।
পুলিশের মুখপাত্র নাফিউ আবুবাকার কোতারকোশি জানান, হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল। তারা সমন্বিত কৌশল ব্যবহার করে ভোর ৪টার দিকে মাগা শহরের গভর্নমেন্ট গার্লস কমপ্রিহেনসিভ সেকেন্ডারি স্কুলে ঢোকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এরপর তারা বিদ্যালয়ের দেয়াল টপকে হোস্টেল এলাকায় গিয়ে ছাত্রীদের ধরে নিয়ে যায়।
উপ-অধ্যক্ষ হাসান ইয়াকুব মাকুকু হামলাকারীদের ঠেকাতে গেলে গুলি করে হত্যা করা হয়। গুলিতে বিদ্যালয়ের আরেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে।
পুলিশ জানায়, হামলাকারীদের খুঁজে বের করতে আশপাশের জঙ্গল এবং সম্ভাব্য পালানোর পথে তল্লাশি চলছে। এ কাজে অতিরিক্ত ট্যাকটিক্যাল ইউনিট, সেনা সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনীকে মোতায়েন হয়েছে।
উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় মুক্তিপণের উদ্দেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও বিদ্যালয়ে অপহরণের ঘটনা বারবার ঘটছে। সরকারের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি সত্ত্বেও পরিস্থিতি খুব বেশি বদলায়নি।
২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বের চিবোকে ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২৭০ জন ছাত্রীকে অপহরণ করেছিল। তাদের অনেকেই পালাতে সক্ষম হলে বা পরবর্তীতে মুক্তি পেলেও, অনেক ছাত্রীকে আর কখনও ফিরে পাওয়া যায়নি।
এম এইচ/













Discussion about this post