কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করার সময় আকাশ থেকে সমুদ্রে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অক্ষর সৌভিক রায় (৩১) খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং শেখর রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৯ জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান তারা। পরে দুপুরে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় হঠাৎ অক্ষর সৌভিক রায় প্যারাসেইল থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় সমুদ্রে পড়ে ওই পর্যটক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এস আই/














Discussion about this post