ভারতের পশ্চিমবঙ্গ-এ চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিতর্ক তৈরি হয়েছে, যেখানে মীর জাফরের বংশধরদের একটি বড় অংশ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায় বসবাসকারী ‘ছোটে নবাব’ নামে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা নিজেও এবারের নির্বাচনে ভোট দিতে পারেননি বলে জানা গেছে। একইভাবে তার ছেলে সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জাসহ পরিবারের প্রায় দেড়শ থেকে তিনশের বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের নির্বাচন কমিশন পরিচালিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার সময় তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তাদের নাম তালিকায় রাখা হয়নি। এ নিয়ে পরিবারে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
মীর জাফরের বংশধররা জানান, ১৯৪৭ সালের পর তাদের পরিবার ভারতেই থেকে যায়, কিন্তু এত বছর পর হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় তারা বিস্মিত। তাদের দাবি, এতে তাদের নাগরিকত্ব ও পরিচয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিবারটি মুর্শিদাবাদের লালবাগের কেল্লা নিজামত এলাকায় বসবাস করে, যেখানে ঐতিহাসিকভাবে নবাব পরিবারের বহু সদস্য এখনও থাকেন। এই ঘটনায় স্থানীয় পর্যায়ে ও রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে, কারণ বিষয়টি ভোটাধিকার ও প্রশাসনিক যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।
এম এইচ/














Discussion about this post